আল-কায়েদা সন্দেহে গুজরাটে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের গুজরাটে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সন্ত্রাসবিরোধী স্কোয়াড এটিএস। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দু।

গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ সজীব, মুন্না খালিদ আনসারি, আজহারুল ইসলাম আনসারি ও মমিনুল আনসারি।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত সোমবার অবৈধভাবে ভারতে অবস্থান করা চার বাংলাদেশিকে গ্রেপ্তারের কথা জানায় এটিএস। জিজ্ঞাসাবাদে আল-কায়েদার জন্য অর্থ সংগ্রহ করা, স্থানীয় যুবকদের মধ্যে উগ্র মৌলবাদ প্রচার এবং তাদের সন্ত্রাসবাদের কাজে লাগানোর কথা স্বীকার করেন তারা।

গুজরাট এটিএসের উপমহাপরিদর্শক দীপান ভদ্রন বলেন, ওই চারজনকে আহমেদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮, ৩৯ ও ৪০ ইউএপিএ ধারা প্রয়োগ করা হয়েছে।