টি-টোয়েন্টিতে ৩২৪ রানের পুঁজি

টি-টোয়েন্টি ক্রিকেটে দুইশ রান সব সময় পাহাড় সংগ্রহ বলেই আখ্যা পেয়ে থাকে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অবশ্য নিয়মিতই এখন দুই রানের দলীয় সংগ্রহ হচ্ছে। অদূর ভবিষ্যতে কি তিন শও মামুলি ব্যাপার হবে?

ইংল্যান্ডের সেকেন্ড ইলেভেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাসেক্স তিন শ রানের সংগ্রহ গড়ে যেন সেই আভাসই দিয়ে রাখল।

লন্ডনে মঙ্গলবার মিডলসেক্স দ্বিতীয় একাদশের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩২৪ রান করে সাসেক্স দ্বিতীয় একাদশ। অধিনায়ক রবি বোপারা খেলেন ৪৯ বলে ১৪৪ রানের ইনিংস। ১৪টি চারের সঙ্গে ১২টি ছক্কা হাঁকান ইংল্যান্ড জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার। এই ইনিংসের পথে এক ওভারে ৩৮ রানও তুলেছেন তিনি।

সর্বোচ্চ চার বা কমপক্ষে তিন ওভার বল করা মিডলসেক্সের প্রত্যেক বোলারই ৫০ রানের বেশি খরচ করেছেন। স্যাম রবসন শুধু সেই তালিকায় নেই। তবে এক ওভার বল করে তিনিও ২৬ রান খরচ করেছেন।

পরে সাসেক্সে ম্যাচটা জেতে ১৯৪ রানের বড় ব্যবধানে। লক্ষ্য তাড়া করতে নেমে মিডলসেক্স ১৫ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায়। ব্যাটিংয়ের পর বল হাতেও আলো ছড়ান বোপারা। ৩ ওভারে ৩২ রান খরচায় সর্বাধিক ৪ উইকেট নেন তিনি।

সেকেন্ড ইলেভেন টি-টোয়েন্টি মূলত টি-টোয়েন্টি ব্লাস্টের প্রস্তুতি টুর্নামেন্ট। আগামী শুক্রবার টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্স নিজেদের প্রথম ম্যাচ খেলবে, প্রতিপক্ষ সামারসেট।

প্রস্তুতি টুর্নামেন্ট বলে সাসেক্সের স্কোরটা রেকর্ডের খাতায় যোগ হচ্ছে না। এমনিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডটা আফগানিস্তানের। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রানের পুঁজি গড়েছিল দলটি। আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে এটিই কোনো দলের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।