জিএম নর্মের প্রত্যাশায় ফাহাদ

একদিনে দুই গ্র্যান্ডমাস্টারকে হারানোর পরদিন হ্যানয় গ্র্যান্ডমাস্টার দাবায় আরেক গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন বাংলাদেশের ফাহাদ রহমান। ভিয়েতনামের রাজধানীতে আজ স্বাগতিক দেশের নারী গ্র্যান্ডমাস্টার ভো থি কিম ফুংকে হারিয়ে প্রতিযোগিতার শীর্ষস্থান অধিকারে রেখেছেন তিনি।
সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল মাস্টার সিদ্ধার্থ জগদিশের বিপক্ষে ড্র দিয়ে আসর শুরু করেছিলেন ফাহাদ। দ্বিতীয় ম্যাচে তিনি জেতেন ফিদে মাস্টার সেক কন্সটেনটিনের বিপক্ষে। মঙ্গলবার তৃতীয় রাউন্ডে ইন্দোনেশিয়ার ২৫০৪ রেটিংধারী গ্র্যান্ডমাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্রকে হারানোর পর চতুর্থ রাউন্ডে হারান ভারতের ২৪৮৬ রেটিংধারী গ্র্যান্ডমাস্টার স্বয়ামস মিশ্রকে হারিয়ে চমকে দেন ফাহাদ। আজ সকালে ভিয়েতনামের ফুংকে হারানোর পর বিকেলে সিঙ্গাপুরের ওং জেইডেনের সঙ্গে ড্র করেন।
২০১৯ সালে আইএম হওয়ার পর এখনো কোনো জিএম নর্ম করতে পারেননি ফাহাদ। নর্মের খোঁজে কদিন আগেই ইউরোপে দুটি দেশে খেলে এসেছেন। এরপর ঢাকায় এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে পেয়েছেন বিশ্বকাপে টিকিট। এখন ভিয়েতনামে আছেন জিএম নর্মের আশায়। ৬ রাউন্ড শেষে তার সংগ্রহ ৫ পয়েন্ট। বাকি ৩ গেম থেকে ২ পয়েন্ট পেলেই তা অর্জন করবেন ফাহাদ।
শেষ তিন রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষের একজন শুধু গ্র্যান্ডমাস্টার। বাকি দুজন ফাহাদের মতোই আন্তর্জাতিক মাস্টার।