সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হয়নি: সুলতানা কামাল

সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রধান উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, দীর্ঘ ১৩বছর ধরে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকলেও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। সব সময়ে সংখ্যা লঘুদের ওপর অত্যাচার হয়েছে এবং যেখানে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, সেখানেই ছুটে গিয়েছেন পঙ্কজ ভট্টাচার্য।

তিনি বলেন, 'এখন ভোটাররাও রাজনৈতিক নেতাদের চিনে না। কাকে নির্বাচিত করা হচ্ছে? রাজনৈতিক নেতাদের সাথে জনগণের সংযোগ আছে কিনা সেই বিষয়টি অজানা।

বুধবার (২৪মে) সন্ধ্যায় জামালপুর শিল্পকলা একাডেমীতে পঙ্কজ ভট্টাচার্যের নাগরিক স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ'র সভাপতিত্বে ও কবি সাযযাদ আনসারীর সঞ্চালনায়‌ এ সময় বক্তব্য দেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল নাসের বাবুল, সৈয়দ আতিকুর রহমান ছানা, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য রাজিয়া সামাদ ডালিয়া, গণতন্ত্রীক পার্টির সাধারণ সম্পাদক ডা.শাহাদৎ হোসেন, প্রায়ত পঙ্কজ ভট্টাচার্যের শালিকা বহ্নই শিখা পুরাকায়েস্ত, পষ্কজ ভট্টাচার্য নাগরিক স্মরনসভা পরিষদের আহ্বায়ক উৎপল কান্তি ধর, সদস্য সচিব জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

এ সময় বক্তারা ষাটের দশকের শীর্ষ ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের বর্ণাঢ্য জীবনের সংগ্রামী দিনের স্মৃতিগুলো তুলে ধরেন।