পাঁচ দিন পর কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা

আগামী পাঁচ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হ্রাস পেতে পারে এবং এই সময়ের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২৫ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায় ৮৪ মিলিমিটার। এ ছাড়া চাঁদপুরে ৭৪, সন্দ্বীপে ৫৬, সীতাকুণ্ডে ৪৫, ভোলায় ৪১, কুতুবদিয়ায় ৩৮, চট্টগ্রামে ৩৭, বরিশালে ৩৪, পটুয়াখালীতে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর (পুন.) এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।