পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছাড়ার ঘোষণা দিয়েছে দলটির ৪৭ জন নেতা। এর মধ্যে পিটিআই পাঞ্জাবের ৩০ জন, খাইবার পাখতুনখোয়ার ৭ জন, সিন্ধুর ৯ জন এবং বেলুচিস্তানের একজন নেতা রয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, যে ৪৭ জন নেতা পিটিআই ছাড়ার ঘোষণা দিয়েছেন তাদের মধ্যে অনেকে দলটির প্রধান ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী।
জানা গেছে, গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পিটিআই প্রধানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে রাষ্ট্রীয় স্থাপনায় যে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে তার জন্য সাবেক প্রধানমন্ত্রীর নীতিকে দায় করেছেন কেউ কেউ। এ নিয়েই দলটিতে শুরু হয়েছে ভাঙন। দল ছাড়ার ঘোষণা দিয়েছেন অনেকে।
ইমরানকে গ্রেপ্তারের পর তিন দিনব্যাপী বিক্ষোভে কমপক্ষে ৮ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। এর জেরে জোট সরকার সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা মোতায়েন করে। অন্যদিকে ভাঙচুরের সাথে জড়িত সন্দেহভাজনদের আটক করার জন্য পিটিআইয়ের বিরুদ্ধে অভিযানও শুরু হয়। বেকায়দায় পড়ে পিটিআই।
অবশ্য একদিন আগেই গত ৯ মে‘র সহিংসতার ঘটনায় শেহবাজ সরকার পিটিআইকে নিষিদ্ধ করার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।