জ্যোতি-পিংকির ব্যাটে রূপালী ব্যাংকের বড় জয়

ব্যাট হাতে নিজেদের মেলে ধরলেন দুই সিনিয়র ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক পিংকি। গত বারের সর্বোচ্চ রান সংগ্রাহক পিংকি শুরু থেকেই নির্ভরতা দিয়ে গেলেন। জ্যোতি করলেন ঝোড়ো সেঞ্চুরি। তাতে চ্যালেঞ্জিং পুঁজি গড়ে গুলশান ইয়ুথ ক্লাবকে বড় ব্যবধানে হারাল রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে বৃহস্পতিবার উদ্বোধনী দিনে ফতুল্লায় মুখোমুখি হয়েছিল রূপালী ব্যাংক ও গুলশান ইয়ুথ ক্লাব। গতবারের রানার্সআপ রূপালী ব্যাংক ১৪৮ রানের বড় জয় তুলে নেয়। তাদের দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ১৩৮ রানের বেশি করতে পারেনি গুলশান ইয়ুথ।

লক্ষ্য তাড়া করতে নেমে ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে গুলশান ইয়ুথ। পরে অধিনায়ক শারমিন সুলতানার ৮০ বলে ৪০ ও লেকি চাকমার ১২৯ বলে ৫৮ রানের ইনিংসের পরও লড়াই জমাতে পারেনি দলটি।

অন্যদের মধ্যে দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল শিরিন আক্তার। ২১ বলে ১১ রানে অপরাজিত থাকেন তিনি। রূপালী ব্যাংকের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার, আশরাফি ইয়াসমিন ও শরিফা খাতুন।

এর আগে টস জিতে ব্যাট করতে নামে রূপালী ব্যাংক। অধিনায়ক জ্যোতি ৭৬ বলে ১২ চারে ১০০ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন। তার স্ট্রাইক রেট ১৩১.৫৮। সঙ্গে ফারজানা হক পিঙ্কি ১০৭ বলে ৯২ রানে অপরাজিত থাকেন। ‍তৃতীয় উইকেটে এই দুজন যোগ করেন ১৭১ রান।

জ্যোতি ও পিঙ্কি ছাড়াও রূপালীর উদ্বোধনী ব্যাটার সাথী রানী ৩৫ বলে ৩৯ ও ফারজানা আক্তার লিসা ৮২ বলে ৪৪ রান করেন। সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ২৮৬ রানের পুঁজি গড়ে দলটি। দারুণ সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন জ্যোতি।

দিনের আরেক ম্যাচে কলাবাগান ক্রীড়াচক্রকে ৩২ রানে হারিয়েছে শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপি ৬৬ রানে হারিয়েছে সিটি ক্লাবকে।