ওমানকে হারিয়ে শুরু করলেও জুনিয়র এশিয়া কাপ হকির দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-৫ গোলে হেরে গেছে বাংলাদেশ। ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে বিকেলে পুল ‘বি’র ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-৫ গোলে হেরেছে বাংলাদেশ। জয়ী দলের ইরফান সুহাইমি হ্যাটট্রিক করেন।
অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের এই প্রতিযোগিতায় সবশেষ ২০১৫ সালে দেখা হয়েছিল দু'দলের। সেবার বাংলাদেশ হেরেছিল ০-৮ গোলে।
প্রথম কোয়ার্টারেই পাঁচ মিনিটের মধ্যে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শফিক ইখমালের ফিল্ড গোলের পর ইরফান ব্যবধান দ্বিগুণ করেন পেনাল্টি কর্নার (পিসি) থেকে। এ কোয়ার্টারের শেষ দিকে পিসি থেকে ব্যবধান আরও বাড়ান সাইয়ামিম নাইম।
দ্বিতীয় কোয়ার্টারে গোলের স্রোত আটকে রাখতে সক্ষম হয় মামুনুর রশীদের শিষ্যরা। বিরতির আগে তাই আর কোনো গোল হজম করেনি বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে মেলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ। মোহাম্মদ আব্দুল্লাহর ফিল্ড গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। কিন্তু এই কোয়ার্টারে শেষ দিকে ইরফানের গোলে ফের কোণঠাসা হয়ে পড়ে দল। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ইরফান হ্যাটট্রিক পূরণ করলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
প্রথম পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ উজবেকিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে ৮-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে উজবেকরা।