কান্নাভেজা চোখে মৌসুমের মাঝপথেই জাপানি ক্লাব ভিসেল কোবে থেকে বিদায় নিচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। চলতি মৌসুমের শেষ পর্যন্ত জাপানি ক্লাবটির সঙ্গে চুক্তি থাকলেও মাঝ পথেই দল ছাড়ছেন তিনি।
২০১৮ সালে বার্সেলোনা ছেড়ে জাপানী ক্লাবে যোগ দিয়েছিলেন স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ের নায়ক ইনিয়েস্তা। ক্লাবটির হয়ে ১৩৩ ম্যাচ খেলেছেন তিনি। তবে ৩৯ বছরের ইনিয়েস্তা চলতি মৌসুমে ভিসেল কোবের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। তাও বদলি হিসেবে।
১ জুলাই কোবের হয়ে শেষ ম্যাচ খেলবেন। তার আগে সংবাদ সম্মেলনে অশ্রুভেজা চোখে ইনিয়েস্তা বলেন, ‘আমি চেয়েছি যথাযথভাবে সময়টা শেষ করতে চেয়েছি। এখন দেখি আমার জন্য কোন বিকল্প পথ খোলা আছে কিনা। আমি খেলে যেতে চাই, তারপর অবসর নেব। আমি এমন একটা জায়গা খুঁজে পেতে চাই, শেষপর্যন্ত যেখানে অবসর নিতে পারি।’
বার্সেলোনা মূল দলে ৬৭৪ ম্যাচ খেলা ইনিয়েস্তা এখনও কাতালান ক্লাবটির হয়ে মাঠে নামার স্বপ্ন দেখেন, ‘আমি অনেকবার বলেছি, বার্সেলোনায় ফিরতে পারলে ভালো লাগতো। এটাও জানি যে, তা অসম্ভবের পর্যায়ে। তবে আমি ফুটবল খেলে যেতে চাই। মনে করি এখনও আমার খেলার সামর্থ্য আছে। এই অধ্যায়টা (ভিসেল) যেহেতু শেষ হচ্ছে, এরপর দেখব কী হয়।’
ভিসেলের হয়ে ইনিয়েস্তা জিতেছেন ২০১৯ এম্পেরর’স কাপ ও ২০২০ সালে জাপানিজ সুপার কাপ। চলতি মৌসুমে জে১ লিগে ১৪ ম্যাচ শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে তারা।