ভারতে পালানোর সময় দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে ভারতে পালানোর সময় আল আমিন (৩৫) নামে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইকরতলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিন উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড় গ্রামের মনু মিয়ার ছেলে।

বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, আল আমিন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এর মধ্যে গত ১৭ মে একটি ইয়াবার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। এ রায়ের পর থেকে সে অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে আসছিল। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সীমান্তবর্তী ইকরতলী গ্রামে অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।