চীনের ভাইস মিনিস্টার সান ওয়াইডং দু’দিনের সফরে আজ শুক্রবার ঢাকায় আসছেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
শনিবার (২৭ মে) ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশন-এফওসিতে চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ওয়েইডং। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন।
এফওসি ছাড়া বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করবেন ওয়েইডং।
২০১৬ সালে চীনের প্রধানমন্ত্রী সি চিন পিংয়ের বাংলাদেশ সফরে উভয় পক্ষ তাদের সম্পর্ককে কৌশলগত মাত্রায় উন্নীত হওয়ার ঘোষণা দেয়। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড (বিআরআই)’ উদ্যোগে যোগ দিয়েছে। বর্তমানে এ সম্পর্ক আরও এগিয়ে নিতে উভয় পক্ষ কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চীন তার ‘গ্লোবাল ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই)’ বাংলাদেশকে যুক্ত করতে চায়। এরই মধ্যে চীন এ সংক্রান্ত একটি সমঝোতার খসড়া পাঠিয়েছে। বাংলাদেশ ওই খসড়া পরীক্ষা-নিরীক্ষা করছে।
রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করছে।
চীনের সহযোগিতায় দুই দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট উদ্যোগ নিয়েছে। ভাইস মিনিস্টার সান ওয়াইডংয়ের সফরে এ বিষয়েও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।