একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছেন বলিউড মেগাস্টার সালমান খান এবং অভিনেতা ভিকি কৌশল। আর সেখানেই অদ্ভুত আচরণ দেখা গেল দুই তারকার মধ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এ বছর ওই অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন ও ভিকি কৌশল। বৃহস্পতিবার (২৫ মে) ছিল এই অনুষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলন। আর সেখানেই ঘটল অঘটন।
এক ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অনুষ্ঠানস্থলের দিকে যাচ্ছিলেন সালমান। এ সময় বলিউড ভাইজানকে দেখতে পেয়ে শুভেচ্ছা বিনিময়ের জন্য এগিয়ে যান ভিকি। আর সেই সময় সালমানের নিরাপত্তারক্ষীরা ধাক্কা মেরে সরিয়ে দেন ক্যাটরিনা কাইফের স্বামীকে।
এ ঘটনায় কোনও প্রতিবাদ করেননি সালমান। বরং ভিকিকে না দেখার ভান করে ভেতরে ঢুকে যান তিনি। ততক্ষণে পুরো ঘটনা ক্যামেরাবন্দি হয়ে যায়। সোশ্যালে নিমেষে ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, বলিউডে সম্পর্কের সমীকরণ কখন যে বদলে যায়, তা জানা বেশ কঠিন। সালমান যেমন ক্যাটরিনার অতীত, ভিকি তেমনই বর্তমান। ফলে অভিনেত্রীর অতীত ও বর্তমান মুখোমুখি হতেই যেন হিন্দি ছবির চিত্রনাট্যের মতো নাটকীয় হয়ে উঠল পরিস্থিতি।
এদিকে সালমানের ব্যবহারে হতবাক নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘সালমান ভিকির সঙ্গে কথা পর্যন্ত বললেন না!’ কারও প্রশ্ন, ‘এই লোকটার কিসের এত অহংকার?’ যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি সালমান বা ভিকি।