হঠাৎ করেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নারী ফুটবলের অন্যতম বড় তারকা সিরাত জাহান স্বপ্না। মাত্র ২২ বছর বয়সে তার এই সিদ্ধান্তে হতবাক ফুটবল সংশ্লিষ্টরা। কিন্তু দেশের ফুটবলের অনেক সাফল্যের এই সারথির হঠাৎ এমন সিদ্ধান্ত কেন?
জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলছেন, ‘খেলা না থাকায় হতাশা ছিল তার মধ্যে। হয়তো অনিশ্চয়তা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে সে।’
এই হতাশা শুধু খেলোয়াড় নয়, কোচদের মধ্যেও বিরাজ করছে। গোলাম রব্বানী ছোটন নিজেই যেমন মেয়েদের কোচের পদ থেকে আগামী মাস থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার স্বপ্না নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্যাম্প ছাড়েন তিনি বুধবার রাতে। রংপুরে নিজ বাড়িতে পৌঁছান বৃহস্পতিবার।
ছোটন বলছেন, ‘আমার কাছ থেকে দুদিনের ছুটি নিয়ে স্বপ্না বাড়ি গেছে। কিন্তু এখন অবসরের ঘোষণা দিয়েছে বলে শুনলাম। এটা সত্যিই হতাশার।’
ছোটন মনে করেন, ‘স্বপ্না এমন সিদ্ধান্ত নিয়ে মোটেও ঠিক করেনি। মাত্র ২২ বছর বয়স ওর। একজন ফুটবল খেলোয়াড় ২৪-২৫ বছর বয়সে সেরা ফর্মে যায়। দিনে দিনে স্বপ্নার পারফরম্যান্স ওপরের দিকে যাচ্ছিল। তার এই মুহূর্তে ফুটবল ছাড়াটা আসলে সত্যিই হতাশার।’
দীর্ঘ দিন ধরে দেশের নারী ফুটবলের সঙ্গে জড়িয়ে আছেন ছোটন। বিভিন্ন বয়স ভিত্তিক দল হয়ে স্বপ্নার জাতীয় দলে উঠে আসাও তার সময়েই। সেই স্বপ্না এমন সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো সমস্যার কথা কি কোচকে বলেননি?
জানতে চাইলে ছোটন বলেন, ‘সমস্যার কথা তো বলতেছেই। গত বছর সাফ খেলা হওয়ার পর আর জাতীয় দলের কোনো খেলা নেই। সামনে ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়ার কথা। কিন্তু সেটাও অনিশ্চিত। এগুলোই হয়তো কারণ।’
গত বছর নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে বাংলাদেশ। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্বপ্না। এর আগে গত জানুয়ারিতে সেই দলের আরেক সদস্য আনুচিং মগিনিও ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।
অবসরের ঘোষণা দিয়ে স্বপ্না ফেসবুকে লেখেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে অবসর নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি।’
স্বপ্না আরও লিখেন, ‘খেলার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন।’
আরও পড়ুন
মেয়েদের কোচের দায়িত্ব ছাড়ছেন ছোটন