হজযাত্রীদের লাগেজে জর্দা পাওয়ায় এজেন্সিকে শোকজ

সৌদি আরবে যাওয়ার সময় হজযাত্রীদের লাগেজে জর্দা পাওয়ায় বেসরকারি ব্যবস্থাপনার হজ পরিচালনাকারী এজেন্সি লাকী ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের (হজ লাইসেন্স নং-০২৬৮) স্বত্বাধিকারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ নোটিস দেওয়া হয়। নোটিসে বলা হয়, আপনার এজেন্সির মাধ্যমে গমন করা হজযাত্রীদের লাগেজে গত ২৩ মে বাংলাদেশ পর্বে ইমিগ্রেশনের সময় জর্দা পাওয়া যায়, যা বহন করা নিষিদ্ধ। এ ধরনের কার্যক্রম সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়। তাই ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এর ১৩ ধারা অনুযায়ী কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই জবাব তিনদিনের মধ্যে মন্ত্রণালয়ে দাখিল করার অনুরোধ করা হয় নোটিসে।

এই নোটিসের পর হজ এজেন্সির পক্ষ থেকে হজযাত্রীদের সতর্ক করে বলা হয় পান, সুপারি, জর্দা, তামাক পাতা ও গুল যেন কোনো হজযাত্রী লাগেজ অথবা কেবিন ব্যাগে বহন না করেন। চেকিংয়ের সময় এগুলো পাওয়া গেলে হেনস্তার শিকারের পাশাপাশি হজ ফ্লাইট বাতিল হতে পারে এবং জরিমানার মুখোমুখি হতে হবে এজেন্সি কর্র্তৃপক্ষকে। এগুলোকে সৌদি আরবে ‘মাদকদ্রব্য’ হিসেবে গণ্য করা হয়।