বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আওয়ামী লীগ বিএনপির শান্তিপূর্ণ সভা সমাবেশে প্রতিরোধ করলে পাল্টা প্রতিরোধ করা হবে। কাউকে ছেড়ে দেওয়া হবে না।’
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজনে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মির্জা আব্বাস আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ‘জনগণের কথা বলার অধিকার আদায়ের জন্য, খাদ্যের অধিকার আদায়ের জন্য, চুরির বিরুদ্ধে যখন মিছিল মিটিং করব প্রতিরোধের নামে আমাদের ওপর অত্যাচার চালাবেন এইটা আমরা সহ্য করব না।’
তিনি আরও বলেন, আজকে আমাদের কথা বলার অধিকার নাই, কথা শোনার অধিকার নাই, আমাদের মিটিং মিছিল করার অধিকার নাই, আমাদের পেটে ভাত নাই, দেশের টাকা লুট হয়ে যাবে আমরা বসে বসে তামাশা দেখব? এ দেশের জনগণ ১৪ বছর এই তামাশা দেখেছে। এ দেশের জনগণ আর এই তামাশা দেখতে চাই না। দেশের জনগণ এই সরকারের পতন চাই।
এ সময় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো উপস্থিত ছিলেন।