আবারও উত্তপ্ত মণিপুর, কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে হামলা

কোনভাবেই কমছে না ভারতের মণিপুর রাজ্যের সহিংসতা। বরং দিনে দিনে আরও উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। বৃহস্পতিবার গভীর রাতে কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য রাজকুমার রঞ্জন সিংয়ের বিষ্ণুপুর জেলার বাড়িতে হামলা চালায় একদল উন্মত্ত জনতা। বাড়িতে আগুন লাগানোর চেষ্টাও করা হয়, এ সময় রঞ্জন সিং বাড়িতেই ছিলেন।

ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছেন।

তবে হামলাকারীরা বাড়ির ভেতরে ঢোকার আগেই র‌্যাপিড অ্যাকশন ফোর্স এবং মণিপুরী পুলিশ বাহিনী কাঁদানে গ্যাস ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে শুক্রবার পাহাড় এবং উপত্যকা সব জায়গায় দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে জানিয়ে জনসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ৩৮টির মতো ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে যেখানে কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর সৈন্যরা যৌথভাবে কাজ করবে বলে জানান তিনি।

বর্তমানে মণিপুরে ৩৪ হাজার সৈন্য অবস্থান করছে। তাদের উপস্থিতি কিছুটা হলেও বিরাজমান আতঙ্ককে কমিয়ে আনবে বলে জানান বীরেন সিং।

এর আগে গত সপ্তাহের শুরুর দিকে বিষ্ণুপুরেই মণিপুরের মন্ত্রী কনথৌজাম গোবিন্দাসের বাড়িতেও হামলা হয়। এ নিয়ে গত এক সপ্তাহে দুজন মন্ত্রীর বাড়িতে হামলা হল।

এদিকে আসামের গৌহাটিতে মণিপুরের এমএলএদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরের শান্তি ফেরানোর জন্য রাজ্যটির সব সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন তিনি। আগামী সোমবার তিন দিনের মণিপুর সফরে যাবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।