কৃষিমন্ত্রী

যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি, তারা অবাধ-সুষ্ঠু নির্বাচন চেয়েছে

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি। আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে হয়, চেতনায় হয়, সেই ব্যাপারে তারা ভূমিকা রাখবে বলেছে। কেউ যদি নির্বাচনকে ব্যাহত করে, সন্ত্রাস করে, যেটি ১৩, ১৪ ও ১৫ তে করেছে সেই ধরনের ঘটনা যাতে পুনরায় না করতে পারে এবং সকল মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যাপারে কাজ করবে।

মন্ত্রী বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সকলের নিকট গ্রহণযোগ্য হওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব। তা বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। এখানে কিছুই করার নাই।

তিনি বলেন, আমরা আশাবাদী বিএনপিও নির্বাচনে আসবে, দেশে সুষ্ঠু নির্বাচন হবে। তারপরেও যদি কেউ ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকার আনতে চায়, নির্বাচনকে বানচাল করতে চায় তাহলে এ দেশের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী তা অতীতের মত মোকাবিলা করবে।

আজ শনিবার দুপুরের টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র ভিসার ব্যাপারে যে বিষয়টি বলেছে, এটি আমাদের জন্য হতাশ হওয়ার কিছুই নাই। আমরা যেটি চাই সেটি হচ্ছে সুন্দর নির্বাচন। গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে সেটি বাংলাদেশে হবে।

এ ছাড়া গাজীপুর সিটি নির্বাচনের দলীয় কোন্দল পরাজয়ে ভূমিকা রেখেছে কিনা ও আগামী নির্বাচনে তা কতখানি প্রভাব বিস্তার করবে এমন
প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অবশ্যই একটি বড় নির্বাচন প্রভাব বিস্তার করে ও করবে। তার অর্থ এই না আমরা জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাব। ৩০০ সিট রয়েছে, কিন্তু আমার দরকার ১৫০টি সিট। আমি কি সব সিটে জিতব? আমরা সব জায়গায় জিততে পারি না। নানা ফ্যাক্টর কাজ করে। গাজীপুর সিটি নির্বাচন সুন্দর একটি নির্বাচন হয়েছে। তাতে আমরা খুশি। আমরা চেয়েছিলাম গ্রহণযোগ্য নির্বাচন, আমরা জাতিকে দেখিয়েছি গাজীপুরে নির্বাচনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন। আমরা ফলাফল নিয়ে বিচলিত নই।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য তারানা হালিম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ, নিক্সন চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এমপি, ছানোয়ার হোসেন এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, ছোট মনির এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, খন্দকার মমতা হেনা লাবলী এমপি প্রমুখ।