আলকারাজের স্বপ্ন সত্যি হবে কি!

২০০৫ সালে কার্লোস আলকারাজ যখন মাত্র দুই বছরের তখন রাফায়েল নাদাল তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ফ্রেঞ্চ ওপেনে সেবার শ্রেষ্ঠত্ব দেখানো স্প্যানিশ ম্যাটাডোর এখন এই লাল মাটির কোর্টের রাজা। ২০০৫ এর ছোট্ট আলকারাজ তখন নাদালের প্রথম ফ্রেঞ্চ ওপেন বা গ্র্যান্ড স্ল্যামের মহত্ব বোঝেননি। তবে এখন ২০ বছরের এই স্প্যানিশ জানেন নাদলকে।

আর তাই স্বদেশী কিংবদন্তীর সঙ্গে দ্বৈত-তে টেনিস কোর্টে নামার স্বপ্ন দেখেন এই তরুন। ২০২২ ইউএস ওপেন জয়ী আলকারাজের খুব ইচ্ছে ২০২৪ প্যারিস অলিম্পিকে তিনি নাদালের সঙ্গে খেলবেন। কিন্তু নাদাল ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরবেন কি!

কোমড়ের ইনজুরির কারণে এবার নিজের শ্রেষ্ঠত্বের আসর ফ্রেঞ্চ ওপেনে খেলছেন না নাদাল। এই গ্র্যান্ড স্ল্যামে রেকর্ড ১৪ বারের শিরোপা জয়ী অবশ্য বলেছেন ২০২৪-এই ক্যারিয়ারের শেষ বছর তার। এবার ফ্রেঞ্চ ওপেনে না খেললেও জকোভিচের সঙ্গে সমান ২২ বারের শিরোপা জয়ী ফিট হলে ফিরতে পারেন উইম্বলডন বা ইউএস ওপেনে। আর সেই ধারাবাহিকতায় খেলতে পারেন ২০২৪ অলিম্পিকেও। সেখানেই নাদালকে পাশে চান আলকারেজ।

২০০৮ সালে নাদাল প্রথম একক অলিম্পিক স্বর্ণ জেতেন। ওই সময় অলিম্পিকে অভিষেক হয়নি আলকারেজের। এমনকি আট বছর পর রিও অলিম্পিকে নাদালের দ্বৈত স্বর্ণ জয়ের সময়েও না। এই প্রথম অলিম্পিক খেলার টিকিট পাওয়া আলকারেজ তাই নাদালের পাশে সেরা আসরে নামতে চান, ‘অলিম্পিকে তার (নাদাল) সঙ্গে দ্বৈতে খেলা আমার জন্য স্বপ্নের মতো। তবে এ বছরটা তার কেমন যায় সেটা বড় প্রশ্ন। দেখা যাক তিনি কবে কোর্টে ফেরেন। যখন শুনেছি যে ফ্রেঞ্চ ওপেনে তিনি খেলছেন না তখন খুব খারাপ লেগেছে আমার। টেনিসের সমর্থক হিসেবে আমি সবসময়ই রাফাকে খেলতে দেখি। আমি চাই তার মতো সেরা টেনিস তারকারা সব বড় টুর্নামেন্টে খেলুক।’