জলবায়ু পরিবর্তন নিয়ে চার প্রামাণ্যচিত্র প্রদর্শনী

গতকাল বিকেলে ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোডের মিলনায়তনে প্রদর্শিত হয়েছে ‘শর্ট ফিল্মস অন ওয়াটার’ শীর্ষক চারটি স্বল্পদৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র। ‘বাংলাদেশ কামরি ক্লাইমেট স্টোরিজ’ প্রকল্পের আওতায় ঢাকা ডকল্যাব ও যুক্তরাজ্যের ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের যৌথ উদ্যোগে এবং ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় সম্প্রতি এ প্রামাণ্যচিত্রগুলো নির্মাণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশে বসবাসরত তৃণমূল জনগোষ্ঠী এবং নদীর পাশে বসবাসরত অঞ্চলের মানুষের জীবন ও অভিজ্ঞতাই প্রামাণ্যচিত্রগুলোর মূল উপজীব্য। প্রামাণ্যচিত্রগুলো হলো : বাংলাদেশ থেকে আসমা বীথি পরিচালিত ‘দপ্রুঝিরি’, শামসুল ইসলাম স্বপন পরিচালিত ‘লতিকা’, যুক্তরাজ্যের ওয়েলস থেকে ম্যারেড রিস পরিচালিত ‘আওয়ার হোম’ এবং লিলি টাইগার টোনকিন পরিচালিত ‘শি সেলস শেলফিশ’। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রোগ্রামস ডিরেক্টর ডেভিড নক্স এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ। ডেভিড নক্স, ডিরেক্টর প্রোগ্রামস, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সবাইকে নিয়ে একজোট হয়ে কাজ করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশ-কামরি ক্লাইমেট স্টোরিজ ফিল্মসের মাধ্যমে এই সমস্যাগুলো আমাদের কতটা কাছাকাছি তা দেখতে ও বুঝতে পারছি, আর এ থেকে উত্তরণে কার্যকর পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করার আশা ব্যক্ত করছি।’ আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য বিশ্ব পরিবেশ দিবস পালনের অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল।

উল্লেখ্য, এখন পর্যন্ত ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় ৪১ দেশের ৯৪টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে।