নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সময় এসেছে, জোট বেঁধে আন্দোলন করে সরকারের পতন নিশ্চিত করতে হবে।’ গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মায়ের ডাক’র ব্যানারে ‘গুম বন্ধ কর, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ শিরোনামে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মান্না বলেন, ‘দেশে এই সরকারের তো সমর্থন নাই, বিদেশের সমর্থনও চলে গেছে। বিদেশিদের কাছে এই সরকার ফ্যাসিস্ট অবৈধ সরকার হিসেবে বিবেচিত হয়েছে। নির্বাচন যাতে নিজেদের মতো হয়, নিজেদের মতো করতে পারে, সরকারের সেই কাজে যারা বাধা দেয় বা বিরোধিতা করে তাদেরই গুমের শিকার হতে হয়। বিদেশি চাপে এই সরকার বর্তমানে বিপদে আছে। র্যাব দিয়ে, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুম করা হতো সেটা বন্ধ হয়েছে। সামনে সময় এসেছে, জোট বেঁধে আন্দোলন করে সরকারের পতন নিশ্চিত করতে হবে।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বছরে শত শত মানুষ গুম হচ্ছে সরকারের কোনো পদক্ষেপ নাই। রাষ্ট্রীয় সন্ত্রাস, বিচারবহির্ভূত হত্যার কারণেই র্যাব নিষেধাজ্ঞায় পড়েছে আর এতেই গুম খুন বন্ধ হয়ে গেছে। এই গুম খুনের সঙ্গে রাষ্ট্রীয় বাহিনী যুক্ত। গুমের বিষয়ে সরকার কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। আওয়ামী লীগের ক্ষমতার দিন ফুরিয়ে গেছে। এখন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সরকারের পতন নিশ্চিত করতে হবে।’
চিত্রশিল্পী শহীদুল আলম বলেন, ‘বলা হয় এটা স্বাধীন দেশ কিন্তু এই দেশ এখনো স্বাধীনতার ছোঁয়া পায়নি, সে দেশে আমরা বসবাস করছি। আমি নিজেও গুমের শিকার হয়েছিলাম। রাষ্ট্রীয় বাহিনী বলেছে, আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আমার গুমের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশ একটা জিডি পর্যন্ত নেয়নি। পাঁচ বছরে এখন পর্যন্ত চার্জশিট দিতে পারেনি। বিচারক বলেছিলেন, আপনার ভাগ্য ভালো গুম হয়ে যান নাই।’
ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, গুম হওয়াদের খোঁজে সরকারের কোনো পদক্ষেপ নাই। সরকারকে বলি, মায়ের ভালোবাসা চ্যালেঞ্জ করে লাভ নাই। আশা ছাড়ছি না, আইনের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতেই হবে। আমরা ঐক্যবদ্ধ থাকি। আন্দোলন চলমান রাখি।’
গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের বোন আফরোজা ইসলাম আঁখির নেতৃত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গুমের শিকার মো. সোহেলের মেয়ে সাফা, মো. কাউসারের মেয়ে মিম, মো. পারভেজের মেয়ে রীদী, সাজেদুল ইসলাম সবুজের স্ত্রী জিনিয়া পারভিন, চৌধুরী আলমের ভাই, সাজেদুল ইসলাম সুমনের মেয়ে অরোয়া ইসলাম।