টঙ্গীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের এক দিন পর বিজয়ী ও পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে নগরীর ৫৩ নম্বর ওয়ার্ডের বড় দেওড়া পুরনো মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহতদের মধ্যে পরাজিত কাউন্সিলর প্রার্থী সেলিম হোসেনের সমর্থকরা হলেন শাহজালাল মোল্লা (১৯), আজাহার (২৬), হেলাল উদ্দিন (৩২), সাইফুল ইসলাম শাগর (২৫), নিয়ামত (২৪), তানভির (২১), মর্জিনা আক্তার (৩১) ও আলমাস (৩৩)। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৫৩ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকে সেলিম হোসেন ও লাটিম প্রতীকে সোলেমান হায়দার কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে সোলেমান হায়দার কাউন্সিলর নির্বাচিত হন। শুক্রবার সন্ধ্যায় বিজয়ী কাউন্সিলর সোলেমান হায়দারের সমর্থকদের সঙ্গে বড় দেওড়া আদর্শপাড়া এলাকায় পরাজিত কাউন্সিলর প্রার্থী সেলিম হোসেনের সমর্থক আলমাসের সঙ্গে বাগ্বিত-া হয়। এ সময় সোলেমান হায়দারের সমর্থকরা আলমাসকে মারধর করেন। এ নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।