ঋণসীমা বাড়াতে বাইডেন–ম্যাককার্থির সমঝোতা চুক্তি

ঋণ খেলাপি এড়াতে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা বৃদ্ধিতে একটি সমঝোতায় পৌঁছেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থি।

গতকাল শনিবার এক বৈঠক শেষে এ বিষয়ে সমঝোতা চুক্তির ঘোষণা দেন তারা। এর আগে কয়েকদিনে বার বার বৈঠকের পর অবশেষে জাতীয় ঋণসীমা বৃদ্ধির নির্ধারিত সময় ৫ জুনের আগেই সমঝোতায় পৌঁছালেন বাইডেন ও ম্যাককার্থি।

রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, চুক্তি অনুযায়ী জাতীয় ঋণসীমা দুই বছরের জন্য বাড়ানো হবে। এবং এ বিষয়ে আগামী বুধবার কংগ্রেসে ভোট হবে।

শনিবার এক বিবৃতিতে বাইডেন জানান, "চুক্তিটি একটি সমঝোতার প্রতিনিধিত্ব করে, যার অর্থ সবাই যা চায় তা পায় না। এ সমঝোতাকে মার্কিন জনগণের জন্য একটি সুসংবাদ হিসেবেও অভিহিত করেন বাইডেন।

তবে বৈঠক সফল হলেও চুক্তি পাশে কংগ্রেসের সমর্থন পেতে অনেক কাজ করতে হবে বলে জানান কেভিন ম্যাককার্থি ।

বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন বা ৩১ লাখ ৪০ হাজার কোটি ডলার। আগামী পাঁচ জুনের মধ্যে ঋণসীমা বাড়াতে না পারলে খেলাপি হয়ে পড়বে বিশ্বের শক্তিশালী অর্থনীতির এই দেশটি।