সুনামগঞ্জের মঙ্গলকাটা বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের চুরি হওয়া সাড়ে ৯ লাখ টাকা চুরির ঘটনায় ব্যাংকের এক স্টাফসহ দু'জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ ৯৪ হাজার টাকা এবং চুরি হওয়া একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার রাতে এই চুরি সংঘটিত হয়। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এহসান শাহ।
আটকরা হলেন, ব্যাংকের স্টাফ সুহেল মিয়া এবং তার সহযোগী আজগর ।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শুক্রবার মঙ্গলকাটা বাজারের ডাচবাংলা এজেন্ট ব্যাংক থেকে সাড়ে ৯ লাখ টাকা, অফিসের একটি ল্যাপটপ ও সিসি ক্যামেরার ডিভিয়ার চুরি হয়। এ ঘটনার ২ ঘণ্টার ভেতরে পুলিশ ২ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া তথ্যমতে একটি নির্মাণাধীন ভবনের মাটি খুঁড়ে টাকা ও ল্যাপটপ উদ্ধার করা হয়।
ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের মঙ্গলকাটা শাখার পরিচালক মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার অফিসের একজন স্টাফ ছুটিতে ছিলেন। রাতে অন্য স্টাফ সুহেল ক্যাশ বুঝিয়ে দেওয়ার সময় কৌশলে টাকা সরিয়ে রাখেন। রাতে আলী আজগরকে সঙ্গে নিয়ে তার কাছে থাকা চাবি দিয়ে এ চুরির ঘটনা ঘটায়। গতকাল শনিবার সকালে এই বিষয়ে থানায় জিডি করি আমরা।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তে নামে পুলিশ। রাত ১২টার দিকে সুহেলকে (২২) ও আলী আজগরকে গ্রেপ্তার করা হয়।