বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, আগামী ১৫ বছরে বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে প্রায় তিনগুণ। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে ইউএস-বাংলা এয়ারলাইনসের ক্যাডেট পাইলটদের যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে পাঠানো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সময়োপযোগী অবকাঠামোগত উন্নয়ন, কারিগরি ও জনদক্ষতা উন্নয়ন এবং আইন ও নীতি প্রণয়নের ফলে দেশের অ্যাভিয়েশন শিল্প দ্রুত প্রবৃদ্ধি লাভ করছে। গত ১০ বছরে বাংলাদেশের অ্যাভিয়েশন মার্কেট প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, অ্যাভিয়েশন সেক্টরের এ বিপুল প্রবৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে প্রতিটি পর্যায়ে আমাদের আরও বেশিসংখ্যক প্রশিক্ষিত ও দক্ষ জনবল প্রয়োজন হবে। দক্ষ জনবলের এ বর্ধিত চাহিদা পূরণে সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে।