পুতিনের সাথে রুদ্ধদ্বার বৈঠকের পরই হাসপাতালে ভর্তি বেলারুশের প্রেসিডেন্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে রুদ্ধদ্বার বৈঠকের পরপরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শনিবার এক টেলিগ্রাম পোস্টে এমনটাই দাবি জানিয়েছেন বেলারুশের বিরোধী নেতা ভ্যালেরি তিসেপকালোর। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বেলারুশের প্রেসিডেন্টকে।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ভ্যালেরি তার পোস্টে লিখেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর পরই লুকাশেঙ্কোকে জরুরি অবস্থায় মস্কোর সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে, তিনি সেখানেই চিকিৎসাধীন।’

ভ্যালেরির দাবি, লুকাশেঙ্কোকে বিষ দিয়ে খুনের চেষ্টা করা হয়েছে। তাই লুকাশেঙ্কোর কিছু হয়ে গেলে যাতে রাশিয়ার দিকে কেউ আঙুল না তোলে সেই জন্য বেলারুশের প্রেসিডেন্টকে বাঁচানোর চেষ্টার ‘নাটক’ করা হচ্ছে মস্কোর তরফে।

তিনি আরও জানিয়েছেন, বেলারুশের প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতির জন্য তাঁর রক্ত পরিশোধন করা হচ্ছে। লুকাশেঙ্কোকে এই অবস্থায় মস্কো থেকে অন্যত্র নিয়ে যাওয়া ঠিক হবে না বলেও নাকি জানিয়েছে পুতিনের সরকার।

তবে এসব তথ্য প্রাথমিক সূত্র থেকে পাওয়া, যাচাই করার প্রয়োজন রয়েছে বলেও পোস্টে উল্লেখ করেছেন ভ্যালেরি। তার এই পোস্ট পড়ে টুইটারে শেয়ার করা হয়।

২০২০ সালে বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে লুকাশেঙ্কোর প্রতিদ্বন্দ্বী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ভ্যালেরি তিসেপকালো।

এদিকে রাশিয়ার প্রতিবেশী ও মিত্র দেশ হিসেবে পরিচিত বেলারুশ। ১৯৯৪ সাল থেকে লুকাশেঙ্কো বেলারুশের ক্ষমতায় রয়েছেন। পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তিনি। ইউক্রেন যুদ্ধে পুতিনকে সরাসরি সমর্থন দিয়েছেন তিনি।