বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশ এবং ভারত সফর করবেন তা কিছুদিন আগেই নিশ্চিত হয়েছিল। এবার এমি নিজেই জানালেন সেই সফরের কথা। আর কলকাতা ও বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে বললেন, ‘আমি তোমাদের ভালোবাসি!’
সন্ধ্যায় নিজ ফেসবুকে এক স্টাটাসে কলকাতা ও ঢাকা সফরের কথা জানান মার্তিনেজ। স্টাটাসে তিনি জানান, জুলাইয়ের ৩ থেকে ৫ তারিখ ভারতীয় উপমহাদেশ সফরে আসছেন তিনি। মোহবাগান ক্লাবের হয়ে অংশ নেবেন চ্যারিটি ফুটবল ম্যাচে। এছাড়া সমর্থক, স্পনসরসহ নানা অনুষ্ঠানে অংশ নেবেন।
মার্তিনেজ তার স্টাটাসে লেখেন, ‘আমি জানি কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক আছেন। আমি তাদের সঙ্গে দেখা করতে উন্মুখ হয়ে আছি।’ আমন্ত্রনের জন্য ভারতের ইভেন্ট আয়োজক শতদ্রু দত্তকে ধন্যবাদ দেন এমি। স্টাটাসের শেষ লাইনে লেখেন – ‘আমি তোমাদের ভালোবাসি!’
এর আগে ভারতের শতদ্রু দত্ত দেশ রূপান্তরকে জানিয়েছিলেন, ৩ জুলাই ঢাকায় আসতে পারেন মার্তিনেজ। অর্থাৎ আগে বাংলাদেশে এসে তারপর কলকাতায় যাবেন কাতার বিশ্বকাপ জয়ী এ গোলকিপার।