নতুন শিক্ষাক্রমে এসএসসি ২০২৬ সালে : শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রমে আগামী ২০২৬ সাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, নতুন শিক্ষাক্রম দশম শ্রেণি পর্যন্ত বাস্তবায়ন হতে লাগবে ২০২৫ সাল পর্যন্ত। এরপর ২০২৬ সালে গিয়ে এ শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দেওয়া শুরু করবে। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর আয়োজিত ‘স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যাল’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের আলোকে মূল্যায়ন প্রক্রিয়া এ বছর থেকেই শুরু হচ্ছে। তবে এর নানান দিক বুঝে উঠতে একটু সময় লাগবে। শিক্ষক ও অভিভাবকদের অভ্যস্ত হতেও কিছুটা সময় লাগবে। তবে শিক্ষার্থীরা দ্রুতই অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, স্মার্ট বাংলাদেশের অন্যতম হাতিয়ার হলো স্মার্ট শিক্ষা।