‘মানবাধিকার বিষয়ে শিশুদের অনেক জানাতে হবে’

শিশুরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম। তাই শিশুদের জন্য তাদের উপযোগী করে মানবাধিকারের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ অন্যদের বিষয়ে শিশুদের অনেক জানাতে হবে, এর ফলে তাদের মধ্যে মানবিক গুণাবলি তৈরি হবে বলে মন্তব্য করেছেন তিনি।

গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অ্যাডুকেটিং কনফ্লিক্ট সেন্সেভিটি অ্যান্ড হিউম্যান রাইটস ইন হাইস্কুল : গ্যাপস অ্যান্ড ওয়ে’ শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে ইনফরমেশন সুপার হাইওয়েতে সবকিছু উন্মুক্ত। জ্ঞানের বিস্মৃতির কোনো সীমা নেই। আমাদের শিশুদের বোঝাতে হবে এই পরিস্থিতিতে কোনটি ভালো আর কোনটি খারাপ।

এতে সে খারাপ কিছু গ্রহণ করা থেকে বিরত থাকবে। একই সঙ্গে তাদের মুক্তিযুদ্ধ ও সংবিধান সম্পর্কে জানাতে হবে।’