ইসি রাশেদা বললেন

সুষ্ঠু নির্বাচনের জন্য আরও কঠোর হব

‘গাজীপুরে নির্বাচনে কতটুকু কী হয়েছে জনগণ তার রায় দিয়ে দেবে। আগামীতে যতগুলো নির্বাচন করব, সেগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ যেন হয়। মানুষ যেন আসে এবং ভোট দিয়ে চলে যেতে পারে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যদি পরিস্থিতি ডিমান্ড করে তাহলে আমরা আরও কঠোর হব। আমাদের একটাই ইচ্ছা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা।’

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনেও আমরা একই নীতিতে থাকব। কঠোর এবং আরও কঠোর হব কি না, এটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। পরিস্থিতি ডিমান্ড করলে আমরা আরও কঠোর হব।’

চার সিটিতে একপক্ষীয় ভোট হচ্ছে, এতে নির্বাচন কমিশনের তৃপ্তির জায়গা কতটুকু এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে কে আসবে, না আসবে এটা তাদের ব্যাপার। যিনি প্রার্থী হবেন বা হতে চান না, এটা একদমই তার নিজস্ব ব্যাপার। নির্বাচন কমিশনের ওইভাবে কাউকে আনার সুযোগ নেই। আমরা অবশ্যই ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করব। কাজ করে আনন্দ পাব। না এলেও নির্বাচন করতে হবে। এজন্য আমরা তো স্টপ হয়ে যেতে পারি না।’