কিয়েভে রাশিয়ার বিমান হামলা অব্যাহত, তৃতীয় দিনে নিহত এক

ইউক্রেনের রাজধানী কিয়েভে তৃতীয় রাতের মত ব্যাপক বিমান ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার ভোর থেকে শহরটিতে বিমান হামলা আরও জোরদার করেছে রাশিয়া।

শহরের দক্ষিণাঞ্চলীয় হলোসিভস্কি জেলার একটি বহুতল ভবনে আগুন লেগে একজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে কিয়েভের সামরিক প্রশাসন।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয় শহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গোলাবর্ষণ করে ধ্বংস করা হচ্ছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। একইসঙ্গে বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের হিসেবে, সর্বশেষ হামলায় ২০টিরও বেশি কামিকাজে ড্রোন ধ্বংস করা হয়েছে। ধ্বংসাবশেষ পড়ে বহুতল ভবনে আগুন লেগেছে।

এক বিবৃতিতে প্রশাসন জানায়, “দক্ষিণাঞ্চলীয় হলোসিভস্কি অঞ্চলের একটি বহুতল ভবনের উপরের দুটি তলা ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে লোকজন থাকতে পারে।"

এদিকে দিনিপ্রো নদীর ওপারে ডার্নিটস্কি জেলায় দুটি ভবনে আগুন লেগেছে এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে কিয়েভের মেয়র ভাইটালি ক্লিটসচকো জানান, ‘ব্যাপক হামলা’ শুরু হয়েছে। কেউ নিরাপদ আশ্রয় ত্যাগ করবেন না।‘

চলতি মাসে ইউক্রেনের রাজধানীতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। বিশেষ করে হামলাগুলো তারা রাতেই চালাচ্ছে। আজ সহ এই মে মাসে রাশিয়ার ১৭তম হামলার মুখোমুখী হলো কিয়েভ।