ঢেলে সাজানো হচ্ছে নারী ক্রিকেট, বাদ পড়ছেন মঞ্জুরুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন'স উইংকে ঢেলে সাজাবার পরিকল্পনার কথা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত বোর্ড পরিচালক শফিউল আলম চৌধুরি নাদেল। দেশ রূপান্তরকে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আরো পেশাদারির সঙ্গে সব কর্মকান্ড পরিচালনার জন্যই আসছে পরিবর্তন।

এই ঢেলে সাজানোর পরিকল্পনাতেই বাদ যাচ্ছেন নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম। জাতীয় দলের সাবেক বাহাতি পেসারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। সবশেষ শ্রীলঙ্কা সফরে সিনিয়র খেলোয়াড়দের দল থেকে বাদ দেয়া, চোটে পড়া খেলোয়াড়কে দলে নেয়াসহ অনেক অভিযোগ তার বিরুদ্ধে।

নাদেল অবশ্য বললেন অভিযোগের কারণে নয়, নতুন নির্বাচক প্যানেল গড়ার কারণেই নেই মঞ্জু। অতীতে জাতীয় দলের আরেক সাবেক তারকা ব্যাটসম্যান জাভেদ ওমর ছিলেন মহিলা দলের ম্যানেজার। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়াতে তাকে বিসিবিতে কোনো দায়িত্বে বহাল না করার নির্দেশনা আসে আইসিসির তরফ থেকে। এছাড়াও সোহেলি আক্তার কর্তৃক লতা মন্ডলকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়ার বিষয়টিও যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছে।

সব মিলিয়েই নারী ক্রিকেটকে নতুন করে বিন্যস্ত করতে চান নাদেল, ‘আমরা ঢেলে সাজাতে চাইছি। বিসিবির গেম ডেভলাপমেন্ট বিভাগ যেভাবে কাজ করে আমরা সেভাবেই কাজ করব। মেয়েদের জন্য সম্ভব হবে সাবেক মহিলা ক্রিকেটার কাউকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হবে।’

নির্বাচক হিসেবে জোরেশোরে শোনা যাচ্ছে সাজ্জাদ আহমেদ শিপন ও সজল চৌধুরির নাম, সঙ্গে থাকতে পারেন আরও একজন। দুজনই বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করে আসছিলেন। শিপন অতীতে জাতীয় ছেলেদের ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদীন-হাবিবুল বাশারদের সঙ্গে কাজ করেছেন।

দুজন নির্বাচকের পাশাপাশি বিসিবির অভিজ্ঞ দুজন কোচও নিয়োগ দেওয়া হয়েছে জাহানারা-সালমাদের জন্য। তারা- দীপু রায় চৌধুরী ও ওয়াহিদুল গনি। প্রধান কোচ হাসান তিলকারত্নের সহকারী হচ্ছেন তারা।