খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘সবার সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না। কোনো ভোটারকে বাধা দেওয়া যাবে না। সিসিটিভি ক্যামেরা দিয়ে সবকিছু কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে।’ গতকাল মঙ্গলবার কেসিসি নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।
খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে সিইসির সামনে কেসিসি নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের মতামত এবং নির্বাচন আচরণবিধিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের দেশে প্রত্যাশিত মাত্রায় নির্বাচনী সংস্কৃতি গড়ে ওঠেনি। তবে দেশে নির্বাচন সংস্কৃতির উন্নয়ন হয়েছে। গাজীপুরে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। গাজীপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরাজয় মেনে নিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। এটা একটি ভালো সংস্কৃতি।’
প্রার্থীদের উদ্দেশে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটের দিন সক্রিয় হবেন। প্রতিটা বুথে এজেন্ট নিয়োগ দেবেন। আচরণবিধি মেনে চলবেন। আচরণবিধি প্রতিপালনের দায়িত্ব আপনার। আচরণবিধি ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন ভোটারের অধিকার; ভোটারকে অধিকার বঞ্চিত করবেন না। ভোটাররা কেন্দ্রে আসবেন, তাদের ভোট প্রয়োগ করতে দিতে হবে।