ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসর শেষ হয়ে গেছে। আগামী মৌসুমে এই প্রতিযোগিতা থেকে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে কোন দলগুলো খেলবে তাও নিশ্চিত। ইংল্যান্ড থেকে এবার ইউরোপের এই তিন প্রতিযোগিতায় সাত দলের অংশ নেওয়া চূড়ান্ত। তবে এ সংখ্যা আটও হতে পারে। এমনটি হলে প্রথমবারের মতো ইংল্যান্ড থেকে আটটি দল ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার রেকর্ড গড়বে।
লিগের শীর্ষ চার দল সরাসরি জায়গা পেয়েছে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে। তার হলো- ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল।
নিয়ম অনুযায়ী, প্রিমিয়ার লিগে পঞ্চম হওয়া দল ও এফএ কাপের চ্যাম্পিয়ন পরের মৌসুমে সুযোগ পায় ইউরোপা লিগে। পঞ্চম হয়ে লিভারপুল সুযোগ পেয়েছে ইউরোপায়। এবারের এফএ কাপের ফাইনালে ওঠা দুই দল ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত, তাই পয়েন্ট তালিকার ষষ্ঠ দল ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন সুযোগ পেয়েছে ইউরোপা লিগে।
ইংলিশ লিগ কাপের চ্যাম্পিয়নের জন্য বরাদ্দ কনফারেন্স লিগের জায়গা। তবে এবারের লিগ কাপ ম্যানইউ জিতেছে। তারা তো চ্যাম্পিয়নস লিগে। তাই ভাগ্য খুলেছে লিগে সপ্তম হওয়া অ্যাস্টন ভিলার। কনফারেন্স লিগের প্লে-অফে উঠেছে অ্যাস্টন ভিলা।
অষ্টম দলের হিসাবটা দেখা যাক। এবার কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে ইংল্যান্ডের ওয়েস্ট হাম ইউনাইটেড ও ইতালির ফিওরেন্তিনা। ৭ জুন ফাইনালে ওয়েস্টহাম জিতলে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করবে। কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন দল পরের মৌসুমে সরাসরি ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করে।