৫৯ জেলায় বইছে তাপপ্রবাহ

দেশের ৫৯টি জেলার ওপর দিয়ে ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ বৃহ্স্পতিবার (১ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসহ রাজশাহী বিভাগের ৮টি জেলা, রংপুরের ৮টি, ময়মনসিংহের ৪টি, ঢাকার ১৩টি, খুলনার ১০টি, বরিশালের ৬টি ও সিলেট বিভাগের ৪টি জেলাসহ মোট ৫৯টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ও বান্দরবানে ২৪.০ ডিগ্রি সেলসিয়াস।