‌‘যুদ্ধাপরাধী ছিলেন না সাকা চৌধুরী’ বক্তব্যে বন কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক বিএনপি নেতা ‘সালাহউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না’ এমন দাবি করে বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

আদালত অভিযোগ গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্ত করে ২৩ জুলাই প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহসভাপতি সোহরাব হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী।

এজাহারে বাদীর অভিযোগ, ২০ মে ও ২৮ মার্চ দুটি পত্রিকায় রফিকুল হায়দারের বরাতে ‘সাকা কখনো যু্দ্ধাপরাধী ছিল না’ এমন বক্তব্য ছাপা হয়।
এর আগে বন গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিরপরাধ বলে দাবি করেছেন তিনি। তার বক্তব্যের ৪৪ সেকেন্ডের একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়। অডিওতে রফিকুলকে বলতে শোনা যায়, ‘সালাউদ্দিন কাদের যুদ্ধাপরাধী ছিল না। ভালো মানুষ ছিলেন। তার এলাকায় খবর নাও।’