হজের সফরে গিয়ে মানুষ কমবেশি কেনাকাটা করেন। কেনাকাটার অন্যতম অনুষঙ্গ খেজুর। মক্কার তুলনায় মদিনায় খেজুরের দাম কম। এখানে সবকিছুর দাম মক্কার তুলনায় তুলনামূলক একটু কম। সে কারণে কেনাকাটা মদিনায় করাই ভালো।
যদি পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য কোনো উপহার কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চান, তাহলে তা হজের আগেই কিনে ফেলবেন। কেননা, হজের সময় যত কাছাকাছি হয় জিনিসপত্রের দাম তত বেড়ে যায়। হজের পরেও কিছু দিন দাম চড়া যায়, তারপর কমে।
মসজিদে নববির চারপাশে অনেক শপিং মল, মার্কেট ও হকার মার্কেট রয়েছে। বদর গেটের বিপরীতেই আছে বিন দাউদ ও তাইয়েবা শপিং মল। কেনাকাটার সময় কোনো দোকানে যদি ফিক্সড প্রাইস (একদাম লেখা) লেখা থাকে তারপরও দামাদামি করতে দ্বিধাবোধ করবেন না। কারণ হজের মৌসুমে তারা জিনিসপত্রের দাম একটু বাড়িয়ে লেখে, সুতরাং কিছুটা দরকষাকষি করতেই পারেন। তবে সুপার মার্কেটের যেসব পণ্যে বারকোড দেওয়া রয়েছে সেসব ক্ষেত্রে দরাদরি করে কোনো লাভ নেই। এখানে বেশকিছু খেজুরের মার্কেট পাবেন। আপনার পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য বিভিন্ন জাতের খেজুর কিনে নিয়ে যেতে পারেন। তবে লাগেজের ওজনের কথা মাথায় রাখতে হবে! বিখ্যাত কিছু খেজুরের জাত হলো আজওয়া, আম্বার, সুক্কারি, মাযদল, কালকি, রাবিয়া ইত্যাদি।
এ ছাড়া আপনি এখান থেকে আতর, তাসবিহ, টুপি, জায়নামাজ, সৌদি জুববা, সৌদি বোরকা, হিজাব, কাপড়, ঘড়ি ও কসমেটিকস ইত্যাদি কিনতে পারেন।