চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) খাবার হোটেলের টেবিলে বসাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুদলের নেতাকর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন ও সিএফসি দলের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এর আগে গত বুধবার রাতে দুদলের নেতার্মীরা সংঘর্ষে জড়ান।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ক্যাম্পাসের ঢাকা হোটেলে খাবার খেতে গিয়ে বসাকে কেন্দ্র করে সিএফসি ও সিক্সটি নাইন দলের কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এরপর সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হল ও সিএফসি গ্রুপের কর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নিলে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনার জের ধরে গতকাল ফের সংঘর্ষে জড়ায় দুদলের কর্মীরা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও র‌্যাব সদস্যদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।

সংঘর্ষে আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে জানিয়ে কর্তব্যরত চিকিৎসক শুভ দেশ রূপান্তরকে বলেন, ‘এখন পর্যন্ত ১৩ জন আহত শিক্ষার্থী মেডিকেলে চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন। আমরা সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এর মধ্যে গুরুতর আহত রমজানসহ বেশ কজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ সংঘর্ষের বিষয়ে শাখা ছাত্রলীগের সহসভাপতি ও সিএফসি দলের নেতা সাদাফ খান বলেন, ‘খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে জুনিয়রদের মধ্যে হাতাহাতি হয়। পরে সিক্সটি নাইনের কর্মীরা আমাদের ওপর চড়াও হলে সংঘর্ষ শুরু হয়। এতে আমাদের অনেকে আহত হয়েছেন।’ জানতে চাইল সিক্সটি নাইন দলের নেতা ও শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, তাদের পক্ষের কয়েকজন ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন। প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। খুব দ্রুত বিষয়টি সমাধান করা হবে।

ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় সহকারী প্রক্টর রোকন উদ্দিন বলেন, সংঘর্ষে দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন রশীদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।