জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিইসির সঙ্গে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে অবহিত হতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চেয়েছেন তিনি। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন কিমিনোরি।

সিইসির সঙ্গে বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘এটি কমিশনের সঙ্গে আমার প্রথম সৌজন্য সাক্ষাৎ। এর আগে আমি সাক্ষাতের সুযোগ পাইনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন কী ব্যবস্থা নিচ্ছে জানতে চেয়েছি। বৈঠকে আলোচিত বিষয়ে আমি কিছু বলব না। তারাই ব্রিফিং করবে।’

ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘জাপানের রাষ্ট্রদূত এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। তিনি বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে যোগদানের পর সিইসির সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ। তিনি আমাদের নির্বাচনী রোডম্যাপের অগ্রগতি জানতে চেয়েছেন। সিইসি রোডম্যাপের বিষয়ে তাকে অবহিত করেছেন। রাষ্ট্রদূত নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের অগ্রগতি, সীমানা পুনর্র্নির্ধারণে অগ্রগতি; কোন পদ্ধতিতে আমরা রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ করে থাকি সেসব বিষয়েও জানতে চেয়েছিলেন।’

পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তিনি বলেন, ‘পর্যবেক্ষণ নিয়ে রাষ্ট্রদূত কিছু বলেননি। সিইসি তাকে জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে অনুরোধ এসেছিল। আমরা অনুরোধের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। তারা ইইউয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা টিম পাঠাতে পারে। সিইসি তাদেরও (জাপানকে) অনুরোধ করেছেন পর্যবেক্ষণ টিম পাঠাতে। রাষ্ট্রদূত বলেছেন, তার সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।’