রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ৬ দিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার রাতে আঙ্কারার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, তুরস্ক সরকারের আমন্ত্রণে রাষ্ট্রপতি আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আগামীকাল শনিবার বিকেল ৫টায় (তুরস্কের স্থানীয় সময়) শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি উড়োজাহাজ রাষ্ট্রপতিকে তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্য সফরসঙ্গীদের নিয়ে গতকাল রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানরা, সংশ্লিষ্ট সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
বঙ্গভবনের দেওয়া সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আয়োজিত একটি আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন। এ ছাড়া উচ্চপর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। বাসস।