প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে ‘জনবান্ধব’ দেখছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জনবান্ধব এজন্য বলেছি, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ বাজেটটা প্রণীত হয়েছে।’ ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে এ বাজেট দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
বাজেট অধিবেশন শেষে সংসদ ভবনের গেটে সাংবাদিকদের কাছে বাজেটের প্রতিক্রিয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বাজেটটা এমনভাবে করা হয়েছে, মানুষের কষ্টটা লাঘব হবে। বেশ কিছু জিনিসে দাম কমতে শুরু করেছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।’
ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির কী অবস্থা! ইউরোপ-আমেরিকা, আমাদের প্রতিবেশী দেশে বাজেট হচ্ছে সংকট থেকে ঘুরে দাঁড়ানোর বাজেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট ঘোষণা করেছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের আগের সেøাগান ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার, যা আরেক ধাপ এগিয়ে এবার ঠিক করা হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ। নানারকম সংকটের মধ্যেও স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১-এর স্বপ্ন দেখিয়ে বাজেট দিয়েছে টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার।