যাত্রাবাড়ীতে বাস পিষে দিল পথচারী

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় বাসের ধাক্কায় মো. মিরাজ মিয়া (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২ জুন) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার এসআই মো. তুহিন বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানা গেছে ওই যুবক যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘাতক বাসটি শনাক্তর চেষ্টা চলছে। নিহতের বাবার নাম মো. লোকমান খান। তবে তার পুরো ঠিকানা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা আছে।