চট্টগ্রামের পটিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ শাহেদুল ইসলাম নামে এক কলেজছাত্র খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০২ জুন) রাত ১০টার দিকে উপজেলা ছনহরা ইউনিয়নের আশিয়া বাথুয়া ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শাহেদুল ইসলাম পটিয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তারা বেশ কয়েক বছর ধরে উপজেলার ছনহরা ইউনিয়নে নানা বাড়িতে থাকছেন।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, নিহতের মায়ের কাছ থেকে টাকা লেনদেনের জের ধরে ১০-১২ জন একটি গ্রুপ পরিকল্পিতভাবে ছনহরা গ্রামের তার নানা বাড়ির সামনে শাহেদুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। আমরা রাতে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।