পাণ্ডিত্য দেখানোর জন্য সিপিডি (গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ) সব সময় বাজেটের ভুল ধরে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সমালোচনা করেই সিপিডি তাদের ফান্ড কালেকশন করে।
শুক্রবার (২ জুন) রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
এর আগে বাজেটের প্রতিক্রিয়ায় সিপিডি নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, প্রস্তাবিত বাজেটে ধনীদের ছাড় দেওয়া হয়েছে তবে মধ্যবিত্তদের চাপে রাখা হয়েছে। পাশাপাশি প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের মরিয়া চেষ্টা রয়েছে যাতে আইএমএফের শর্ত পূরণ করা হয়েছে।
সিপিডির কাজই বাজেটের সমালোচনা করা বলে মন্তব্য করে তিনি বলেন, এই সংস্থাটি গত ১৪ বছরে কোনো বাজেটের প্রশংসা করেনি।
হাছান মাহমুদ বলেন, টানা ১৫তম বাজেট পেশ করেছে আওয়ামী লীগ। আর সরকারের বাজেট বাস্তবায়নের হার ৯৭ ভাগ, তাই মানুষের আয় বেড়েছে। দরিদ্র মানুষের সংখ্যাও কমেছে। ইউক্রেন যুদ্ধ ও ডলার সংকটের কারণে এবারের বাজেটে চ্যালেঞ্জ ছিল। এরপরও গত বছরের তুলনায় বাজেটের আকার বেড়েছে। সামাজিক নিরাপত্তা বলয়ে জোর দেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। সর্বজনীন পেনশন ব্যবস্থা নেওয়া হয়েছে এবার।