নিজেদের স্বার্থে আমেরিকা ভিসানীতি করেছে বলে মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মার্কিন ভিসানীতির সঙ্গে বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের কোন সম্পর্ক নেই। বরং এর মাধ্যমে আমেরিকা বাংলাদেশে যথা সময়ে নির্বাচনের পক্ষেই মত দিল।
শুক্রবার (২ জুন) বেলা ১২টায় কুষ্টিয়ার মিরপুরের নওদা বহলবাড়ীয়ায় পূর্বপাড়া নূর মদিনা জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন।
কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেখানে পাতানো নির্বাচনের কিছু দেখছি না উল্লেখ্য করে জাসদ সভাপতি বলেন, ১৪ বছর ধরেই শুনছি ঈদের পরে আন্দোলন করবে বিএনপি। তাই বিএনপির মুখে আন্দোলন শব্দটা একটা হালকা শব্দে পরিণত হয়েছে।
তিনি বলেন, সব দফা বাদ দিয়ে বিএনপি এখন এক দফা দিয়েছে, সেই এক দফার সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই। বিএনপি মূলত যেকোন পন্থায় অস্বাভাবিক ভূতের সরকার প্রতিষ্ঠা করতে চায়, যার ছায়ায় যুদ্ধাপরাধী ও দুর্নীতির বিচার বন্ধ করে দণ্ডিত নেতা নেত্রীদের মুক্ত করতে চান তারা। তারা সংবিধানটাকে খেয়ে ফেলতে চাচ্ছে।
জাসদ সভাপতি বলেন, আমরা চায় না অর্নিবাচিত একটি অস্বাভাবিক সরকার দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করুক। জামায়াত-বিএনপির পার্টনারশিপের সরকার দেশে যে দুর্ভোগ সৃষ্টি করেছিলো তা দেখেছি। তাই দেশের মানুষ আর রাজাকারের সরকার দেখতে চায় না।
বাজেট নিয়ে বিএনপির মন্তব্য প্রসঙ্গে ইনু বলেন, গত ১৪ বছরে শেখ হাসিনার সরকার বাজেট দিয়ে এক ফোটাও ঘি খায়নি, বরং বাজেট দিয়ে আমরা পদ্মা সেতু, মেট্টোরেল, পায়রা বন্দর তৈরি করেছি। রেল ব্যবস্থাসহ বিভিন্ন সেক্টরে উন্নতি করেছি। দারিদ্র কমিয়ে এনে বিনামূল্যে বাচ্চাদের কোটি কোটি বই উপহার দিয়েছি। বাজেট দিয়ে উন্নয়নের স্বার্থে ঘি খাওয়ার কোন সুযোগ নেই।
এসময় জাসদের মিরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।