প্রশ্ন : এক লোক বদলি হজ করাতে চান। একজন সরকারি মুয়াল্লিম (বাংলাদেশ থেকে সরকারি খরচে মক্কা যায় হাজিদের খেদমতে এবং নিজেও হজ করে) তাকে বলে, আমি আপনার বদলি হজ করে দেব। পুরো খরচ দিতে হবে না। তিন থেকে চার লাখ টাকা দিলেই চলবে। কেননা আমার তো খরচ নেই। তাই আপনার থেকে কম নেব। এমতাবস্থায় ওই লোক কি সরকারি মুয়াল্লিমকে দিয়ে বদলি হজ করাতে পারবে।
উত্তর : বদলি হজের ক্ষেত্রে মুখ্য বিষয় হলো হজের খরচাদি প্রেরণকারীর পক্ষ থেকে ব্যয় হওয়া এবং যাকে পাঠানো হচ্ছে সে ওই ব্যক্তির পক্ষ থেকেই যাওয়া। প্রশ্নোক্ত ক্ষেত্রে এই বিষয়গুলো অনুপস্থিত। কেননা মুয়াল্লিম মূলত যাচ্ছেন সরকারি খরচে নির্দিষ্ট দায়িত্বপালনের জন্য। তিনি বদলি হজ করার জন্য যাচ্ছেন না। আর বদলি হজ বাবদ তিনি যে টাকা নিচ্ছেন তাও হজের কাজে ব্যবহার হচ্ছে না। কারণ যাতায়াত ভাড়া ও মৌলিক খরচাদি তো ওই ব্যক্তি তার নিয়োগকর্তা থেকে পাচ্ছেন। তাই এভাবে বদলি হজ আদায় হবে না। বদলি হজে পাঠাতে হবে এমন ব্যক্তিকে, যে শুধু ওই লোকের হজ আদায়ের উদ্দেশেই তার খরচে যাবে। আল বাহরুর রায়েক : ৩/৬১