২০১৮ সালে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে সাত পাক ঘোরেন সুপারস্টার দীপিকা পাড়ুকোন। চলতি বছরে পঞ্চম বিবাহবার্ষিকী পালন করতে চলেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় যুগল। ওঠাপড়ার মধ্য দিয়ে এগিয়েছে রণবীর-দীপিকার দাম্পত্য। দীপিকা যে তার নয়নের মণি, তা একাধিকবার একাধিক অনুষ্ঠানে স্বীকার করেছেন রণবীর সিং। সেদিক থেকে দীপিকা ততটা খোলামেলা নন। তবে কি এখনো দীপিকার মনের কোণে থেকে গিয়েছেন তার প্রাক্তন রণবীর কাপুর? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীর কাপুরের একটি ছবি শেয়ার করে দীপিকা লেখেন, ‘আমার হৃদয়ের টুকরো!’ এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই শুরু জল্পনা। তবে কি সত্যিই এখনো পর্যন্ত প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরকে ভুলতে পারেননি দীপিকা?
তবে আদতে ওই ছবিটি দীপিকা ও রণবীরের একটি সিনেমার দৃশ্য থেকে নেওয়া। বলিউড পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারা। সম্প্রতি ১০ বছর পূর্ণ করেছে ওই ছবি। রণবীরের উদ্দেশে নয়, নিজের ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’কে নিয়েও ওই কথা লিখেছিলেন দীপিকা। অভিনেত্রীর শেয়ার করা ভিডিও দেখে পরে বোঝা যায়, ছবির সঙ্গে জড়িত স্মৃতিচারণ করতে গিয়ে ওই কথা বলেছেন তিনি।
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ দর্শকদের মনে এখনো দাগ কাটে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ১০ বছর পূর্ণ করল বুধবার। সেই উদযাপন করতে রিইউনিয়ন পার্টিতে যোগ দেন ছবির তারকারা। অভিনেতা রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আদিত্য রায় কাপুর এবং কল্কি কোয়েচলিন থেকে শুরু করে ছবির প্রযোজক করণ জোহর এবং কস্টিউম ডিজাইনার মণীশ মালহোত্রা, সংগীত পরিচালক প্রীতম, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র টিম একটি অন্তরঙ্গ রিইউনিয়ন পার্টিতে এক হয়েছিলেন। সেই ছবিই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
রণবীর সিংয়ের সঙ্গে চার হাত এক হওয়ার আগে রণবীর কাপুরের সঙ্গে বেশ কয়েক বছর প্রেমের সম্পর্ক ছিল দীপিকার। ‘বাচনা অ্যায় হাসিনোঁ’ ছবির সময় প্রকাশ্যে আসে রণবীর ও দীপিকার প্রেমের খবর। তবে সেই প্রেম বেশি দিন টেকেনি। তার পরেই ক্যাটরিনা কাইফের প্রেমে পড়েন রণবীর। এখন অবশ্য আলিয়া ভাটের সঙ্গে সুখের সংসার রণবীরের। তবে প্রেমের সম্পর্ক না টিকলেও বন্ধুত্ব এখনো অটুট রণবীর কাপুর ও দীপিকার মধ্যে। প্রেম ভাঙার পরেও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘তামাশা’র মতো ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর ও দীপিকা।