বামজোটের প্রতিক্রিয়া

বাজেটে করের বোঝা, দুর্ভোগ আরও বাড়বে

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে ‘করের বোঝা’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বাম গণতান্ত্রিক জোট। দলটি বলছে, এটি একটি গতানুগতিক ধনী তোষণ ও গরিব শোষণের বাজেট। এতে গুরুত্বপূর্ণ খাতগুলো যেমন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান ক্ষেত্রে বরাদ্দ তেমন বাড়ানো হয়নি।

আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে অর্থমন্ত্রী ভ্যাট ও করের জাল বিস্তৃত করেছে। ফলে বাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়বে এবং জনগণের দুর্দশা ও দুর্ভোগ বাড়বে। গতকাল শুক্রবার জোটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, করযোগ্য আয় না থাকলেও ২ হাজার টাকা কর দিতে হবে। এটি মড়ার উপর খাঁড়ার ঘায়ের শামিল। এবার বাজেটে ঘাটতি মেটাতে ব্যক্তিনির্ভরতা বেড়েছে। প্রযুক্তিকে যুক্ত করে শিক্ষা খাতে বরাদ্দ করেছে মাত্র ১৩.৭ শতাংশ অথচ ছাত্রসমাজের বরাবরই দাবি ছিল ২৫ শতাংশ। স্বাস্থ্য খাতও ৫ শতাংশের ঘর অতিক্রম করছে না। কৃষি খাতও বাজেটে অবহেলিত হয়েছে। বরাদ্দ কমেছে। সারের দাম দুদফা বেড়েছে; জ¦ালানি তেল, বীজসহ কৃষি উপকরণের দাম বেড়েছে অথচ বাম্পার ফলনেও কৃষক বোরো ধানের দাম পাচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতি বছর শ্রমবাজারে আসা ২০ লাখ কর্মসংস্থানের বিষয়ে বাজেটে কোনো বক্তব্য নেই, বরাদ্দ নেই। জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশ থাকলেও বাজেটে পরিবেশকে উপেক্ষা করা হয়েছে।

বিবৃতিতে নেতারা আরও বলেন, এ বাজেট ব্যবসাবান্ধব। জনগণের কল্যাণে এটি প্রণীত হয়নি। আইএমএফের শর্তে জনদুর্ভোগ বৃদ্ধির এ বাজেট সংশোধন করে সামরিক খাতসহ অনুন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ জনকল্যাণমূলক খাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান নেতারা।