চোখের চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি এলো দেশে

চোখের চিকিৎসার জন্য প্রথমবারের মতো বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তি আনল অপটিকস ও অপটোইলেকট্রনিকস টেকনোলজিতে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান জায়েস। ভিজ্যুম্যাক্স ৮০০ এবং কোয়াটেরা ৭০০ নামের এ প্রযুক্তি বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। অত্যাধুনিক এই প্রযুক্তি রোগীদের উন্নত সেবা প্রদানে সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সক্ষমতা আরও বৃদ্ধি করবে। গতকাল শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। জায়েস ও বাংলাদেশ আই হসপিটাল যৌথভাবে ‘অপথালমিক কনক্লেভ ২০২৩’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আশা করি জায়েস বাংলাদেশে উন্নত সেবা প্রদান করবে। এ ক্ষেত্রে সরকার সবধরনের সহযোগিতা করবে। তবে চিকিৎসা সরঞ্জামাদি আনার পাশাপাশি তাদের এখানে গবেষণা ও প্রযুক্তি ব্যবহারে দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

জায়েস গ্রুপের সার্ক অঞ্চলের রিজিওনাল হেড বিকাশ সাক্সেনা বলেন, ‘আমরা বাংলাদেশের স্বাস্থ্যসেবা কমিউনিটিতে ভিজ্যুম্যাক্স ৮০০ এবং কোয়াটেরা ৭০০ নিয়ে আসতে পেরে আনন্দিত। উদ্ভাবন এবং উৎকর্ষের প্রতি জায়েস সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। নির্ভুল ও নিরাপদভাবে দৃষ্টির স্বচ্ছতা দিতে সক্ষম অত্যাধুনিক প্রযুক্তি প্রদানের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবীদের সহযোগিতা করে রোগীদের সেবার মান বৃদ্ধি করতে চাই।’

অনুষ্ঠানে বাংলাদেশ আই হসপিটালের চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান চৌধুরীসহ নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ, প্রখ্যাত সার্জনরা এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্য পেশাজীবীরা উপস্থিত ছিলেন।