ভারত

দুর্ঘটনাস্থলে মোদি, যাবেন হাসপাতালেও

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশা রাজ্যের বালেশ্বরে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার (০৩ জুন) বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে পৌঁছান মোদি। এর আগে শুক্রবার রাতে বাহাঙ্গাবাজার এলাকায় গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে।

এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি জেলা হাসপাতালে আহতদের দেখতে যাবেন এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন বলে তার কার্যালয় থেকে টুইট করা হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় মোদির সঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন।

গতকালের ট্রেন দুর্ঘটনায় ২৬১ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ৯০০ জনের বেশি। ফলে তাৎক্ষণিক পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক ডেকেছিলেন মোদি।

ইতোমধ্যে মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের জন্য দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল মন্ত্রণালয়। আর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে দুই লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মোদি।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর দুর্ঘটনার কবলে পড়ে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস এবং একটি মালবাহী ট্রেন। রেল কর্মকর্তারা জানিয়েছেন, দুটি ট্রেনে ৩,৪০০ এরও বেশি যাত্রী ভ্রমণ করছিলেন।