একদিকে সিটি তো অন্যদিকে ইউনাইটেড। কাকে রেখে কাকে সমর্থন দেবেন ম্যানচেস্টারবাসিরা! সাধারণ দর্শকরা যাকেই সমর্থন দেন কেন, এফএ কাপের শিরোপা যাচ্ছে তাদের নগরেই। টুর্নামেন্টের ফাইনালের সঙ্গে যে আজ ম্যানচেস্টার ডার্বি। ১৯০ তম ডার্বির জন্য প্রস্তুত আর্লিং হালান্ড ও কাসেমিরোরা। সবশেষ দেখায় বড় ব্যবধানে হেরেছিল ম্যানইউ। সেই ভূত তাড়ানোর সহজ উপায় জানা আছে ব্রাজিলিয়ান ফুটবলারের।
গত অক্টোবরে ম্যানইউ ও ম্যানসিটি সবশেষ মুখোমুখি হয়েছিল। প্রিমিয়ার লিগের সেই খেলায় ৬-৩ গোলে এরিক টেন হাগের শিষ্যরা পরাজিত হয়। সেই ক্ষত পুড়াবে নাকি নতুন কিছু ঘটবে। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দ্যা গার্ডিয়ানের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন ম্যানইউর মিডফিল্ডার কাসেমিরো। তার মতে প্রতিটি ম্যাচের গল্প আলাদা। আর তাই দৃশ্যপট বদলানোর উপায়টাও সহজ।
‘প্রতিটি খেলায় একটি ভিন্ন গল্প থাকে। আপনাকে বাস্তববাদী হতে হবে। আমিও সেটাই হতে চাই। সিটির মাঠে আমরা হেরেছিলাম। সেটা ছিল লিগের খেলা। যেখানে তিনটি পয়েন্টেই কেবল পাওয়া যায়। তবে এটা একটা ফাইনাল ম্যাচ। এখানে জয় মানে শিরোপা নিজের করে নেওয়া।’ দৃশ্যপট বদলানোর সহজ উপায়টা কি জানতে চাইলে রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়বলেন, ‘সেটা না হয় গোপনই থাক। মাঠেই সেটা দেখা যাবে।’
অক্টোবর-জানুয়ারির দুই ম্যাচের পর মৌসুমে ফের মুখোমুখি হচ্ছে দুই ম্যানচেস্টার ক্লাব, এবার মিশন এফএ কাপ জয়। যেখানে দুই দলের লড়াইটা মূলত কৌশলের। সেটা মানছেন কাসেমিরোও। তবে পরাজয় মনোবলে চিড় ধরায়। তবে প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে মৌসুম শেষ করেছে ক্লাবটি। আর তাই নতুন উদ্যমে শুরুর প্রত্যয় শুনালেন এই ফুটবলার, ‘আমরা ইতোমধ্যে লিগ কাপ জিতেছি। এই টুর্নামেন্টের ফাইনালে আছি। আমি বিশ্বাস করি আমরা দারুণ ছন্দে আছি।’
কাসেমেরো নিজেও গোলের মধ্যে আছেন। ম্যানইউয়ে প্রথম মৌসুমেই ৭ গোল করেছেন। অ্যাসিস্ট ৬টি।